দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুম্বাইয়ে এক পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে এক নারী ভক্তের জোরপূর্বক চুমুর ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। গত ৮ আগস্ট ‘ব্রাইট ওটিটি অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানান নিকিতা।
অনুষ্ঠানের রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে ছবি তুলছিলেন নিকিতা। এ সময় এক নারী ভক্ত তাঁর কাছে এসে সেলফি তোলার আবদার করেন। নিকিতাও তাতে সাড়া দেন। ছবি তোলার সময় ওই নারী প্রথমে নিকিতার গালে চুমু দেন। এরপর তাঁকে নিজের দিকে টেনে নিয়ে জোর করে ঠোঁটে চুমু দেন। আকস্মিক ঘটনায় নিকিতাকে হতবাক হয়ে যেতে এবং ওই নারীকে থামানোর চেষ্টা করতে দেখা যায়।
পরে নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে ওই নারীকে সরিয়ে নেন। তাঁকে সরিয়ে নেওয়ার সময়ও তিনি নিকিতার গালে চুমু দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঘটনাটিকে ব্যক্তিগত পরিসর ও সম্মতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, কোনো ব্যক্তি তারকা হলেও তাঁর অনুমতি ছাড়া স্পর্শ বা চুমু দেওয়া গ্রহণযোগ্য নয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভক্ত নারী হওয়ায় ঘটনাটিকে তুলনামূলকভাবে হালকাভাবে দেখা হচ্ছে কি না।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ দাবি করেছে, ঘটনাটি প্রচারের উদ্দেশ্যে সাজানো হয়ে থাকতে পারে। নিকিতার সমর্থকেরা অবশ্য এমন মন্তব্যের সমালোচনা করেছেন।
ঘটনার পর প্রথম দিকে নীরব থাকলেও পরে তাঁকে সমর্থন করে পাঠানো একটি বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নিকিতা। সেখানে তিনি লেখেন, ‘এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই এটির প্রশংসা করি। আপনারা জানেন, আমিই সঠিক, আমি কোনো ভুল কিছু করিনি। আমার লুকানোর কিছু নেই এবং আমি সবসময় সত্যের পাশে থাকব।’
ঘটনাটি সামনে আসার পর রেড কার্পেটে তারকাদের নিরাপত্তা ও তাঁদের ব্যক্তিগত সীমারেখা রক্ষার বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।
নিকিতা রাওয়াল হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো: অভিমন্যু’, ‘আম্মা কি বোলি’, ‘গরম মশালা’ ও ‘কিউট কমিনা’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে তেলুগু সিনেমা ‘টিম্পা’র মাধ্যমে ওই ইন্ডাস্ট্রিতে তাঁর অভিষেক হয়। আগামীতে আরশাদ ওয়ার্সি ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রুটি কাপড়া অউর রোমান্স’ সিনেমায় দেখা যাবে তাঁকে।
এমএম/